নিজ প্রতিভায় ২০১৯ সালে বিনোদন জগৎ মাতিয়েছেন তিনি। চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। এবার নতুন বছরে নিজ কাজের স্বীকৃতি হিসেবে ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ড্রামা চলচ্চিত্র বিভাগে তিনি জয় করে নিলেন সেরা অভিনেতার পুরস্কার। কথাগুলো বলা হচ্ছে ‘জোকার’ ড্রামা-থ্রিলার জেনারের প্রধান চরিত্রে অভিনয় করা জ্যাকুইন ফনিক্সকে নিয়ে।
রবিবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পুরস্কার হাতে নিয়ে জ্যাকুইন ফনিক্সের দেয়া বক্তব্যও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, আমার সঙ্গে যারা নমিনেশন পেয়েছেন, আপনারা জানেন সেরা অভিনেতা বলে কোন বিষয় নেই। এটা শুধু টিভি শো গুলোর বিজ্ঞাপনের আরেকটি মাধ্যম। আসলে আপনাদের সবার কাজ আমাকে অনুপ্রেরণা দেয়। এ বছর দুর্দান্ত বেশ কিছু কাজ করেছেন আপনারা। আর সে কারণেই আপনাদের নামের পাশে আমার নাম দেখতে পেরে আমি সন্তুষ্ট।
তিনি আরো বলেন, এই ঘরে আমার সঙ্গে যারা বসে আছেন, তাদের অনেকের কাছ থেকে আমি শিখেছি। যা আমাকে এখানে এসে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। এই রাতের জন্য, এখানে এক সাথে বসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
ইত্তেফাক/আরএ

